ঢাকা নিউজ বিনোদন: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারি। তিন বছরের বেশি সময় ধরে তাঁদের প্রেম নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চান ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে কী কারণে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তাঁরা। আপাতত ব্যক্তিগত জীবন থেকে মনোযোগ সরিয়ে নিজেদের ক্যারিয়ারে গুরুত্ব দিতে চান দুজনই।
বিচ্ছেদের প্রভাব পড়েছে তাঁদের পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে, কয়েকটি কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।
ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় ২০২২ সালে। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা যায় তাঁদের। পরে বিভিন্ন অনুষ্ঠান ও স্থানে একসঙ্গে উপস্থিত হওয়ায় প্রেমের আলোচনা আরও জোরালো হয়।
তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ইব্রাহিম কিংবা পলক কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে বলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।



