ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলকাকলি, গাছে ঝোলানো শতাধিক বাসা

লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলকাকলি, গাছে ঝোলানো শতাধিক বাসা

পাখি ও প্রকৃতি সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগ, পর্যায়ক্রমে আরও বাসা স্থাপনের পরিকল্পনা

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দিনের কর্মব্যস্ততা শেষে বিকেল নামতেই পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়া। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে বসে গাছের ডালে। তাদের কিচিরমিচিরে তৈরি হয় মনোরম পরিবেশ। প্রতিদিন বিকেলে এমন দৃশ্য দেখা যায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকার বিভিন্ন গাছে।

জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশপাশের গাছগুলোতে পাখিদের বিচরণ বেশি চোখে পড়ে। এ ছাড়া রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ও তারেও বসে পাখিরা।

পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন গাছে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে শতাধিক পাখির বাসা। পাখিরা যাতে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারে, সে জন্য পর্যায়ক্রমে আরও বাসা স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের অন্য যেসব এলাকায় পাখিদের বিচরণ রয়েছে, সেখানেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিকেলে এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা বলেন, পাখির কিচিরমিচির তাঁদের প্রশান্তি দেয়। হাজার হাজার পাখি একসঙ্গে উড়ে এসে আশপাশের গাছগুলোতে বসলে পুরো এলাকায় অন্য রকম পরিবেশ তৈরি হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, বিশেষ করে শীতের সময় পাখিদের উপস্থিতি বেশি দেখা যায়। প্রতিদিন বিকেলে গাছের ডাল, বিদ্যুতের খুঁটি ও তারে বসে পাখিরা। সন্ধ্যার আগে তাদের কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। সন্ধ্যার পর পরিবেশ শান্ত হয়ে আসে। কর্মসূত্রে প্রতিদিন এই দৃশ্য উপভোগ করেন তাঁরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পাখিদের পর্যাপ্ত বাসস্থান না থাকায় তারা গাছের ডালে রাত কাটায়। পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন গাছে কিছু বাসা স্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, এসব বাসায় পাখিরা নিরাপদে বিশ্রাম নিতে পারবে।

তিনি আরও বলেন, পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাই এগিয়ে এলে প্রকৃতি রক্ষা করা সম্ভব হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular