নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য দিন ৩১ ডিসেম্বর।
পরিকল্পনায় ফরম পূরণের সময় ৩ থেকে ৮ নভেম্বর উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। তবে বিদ্যমান বিধিমালায় সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন প্রয়োজন হবে। ফলে তারিখগুলো এখনো চূড়ান্ত নয়।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত কর্মপরিকল্পনায় এ সময়সূচি তুলে ধরা হয়। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এক বা দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাই এ সুযোগ পেতে পারেন। তবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর যোগ্য পরীক্ষার্থীর সংখ্যা ও অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর। এতে কোনো বিষয়ে উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সেই বিষয়ে সম্পূরক পরীক্ষা দিতে হবে না।-
শিক্ষার্থীদের ফরম পূরণের নির্দিষ্ট নির্দেশনা, ফি ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা বাকি।