মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তির আধুনিকায়ন ও আয় বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন আহমেদ আযম খান।
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী মুন কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রোববার (১ নভেম্বর) তিনি কমপ্লেক্সটির ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পত্তিটির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ সময় ট্রাস্টের আয় বাড়ানো এবং সম্পত্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



