ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুরে বিএনপি নেতাসহ ছুরিকাঘাতে আহত ৪, ঢামেকে দুজন

রায়পুরে বিএনপি নেতাসহ ছুরিকাঘাতে আহত ৪, ঢামেকে দুজন

খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ; হামলার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল রাত ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বিএনপি নেতা এবাদ উল্যা গাজী (৬৬), জাহিদুল ইসলাম (১৫), খোরশেদ আলম (৩৪) ও আরও একজন। তাঁদের মধ্যে এবাদ উল্যা গাজী ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাঁদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। খোরশেদ আলম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় হামলাকারী হিসেবে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজন (৩০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে থানায় নেওয়া হয়েছে। সুজন জানিয়েছেন, তিনি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে টুপি বিক্রি করেন।

আহত ব্যক্তিদের পক্ষের লোকজন এ ঘটনার জন্য তাঁদের বিবাদমান প্রতিপক্ষ শামীম গাজীর পক্ষকে দায়ী করেছেন। গত সোমবার রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ শামীম গাজীকে গ্রেপ্তার করে। ওই ঘটনার জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত সাইফুল ইসলাম সুজন বলেন, এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে নেওয়া হয়েছে। আসিফ নামের এক ব্যক্তি এবাদ উল্যা গাজীকে হত্যার উদ্দেশ্যে তাঁকে সেখানে এনেছেন। আসিফ ঢাকায় তাঁর সঙ্গে ফুটপাতে টুপি বিক্রির ব্যবসা করেন। শামীম গাজী বা এবাদ উল্যা গাজীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেন সুজন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় দাস বলেন, দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, হামলাকারী হিসেবে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতেই খাসেরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular