বিশেষ প্রতিনিধি: সম্প্রতি ঢাকার সাভারস্থ বিসিএস লাইভস্টক একাডেমির মসজিদ সংলগ্ন মাঠে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিসিএস (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪২তম ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প, ২০২৬-২০২৭ এর ৫১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উল্লেখিত বিভিন্ন ক্যাটাগরির ৫৯ জন বিসিএস ক্যাডার অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি প্রশিক্ষণে অংশ নেওয়া সংশ্লিষ্ট বিসিএস ক্যাডারগণের উদ্দেশ্যে বলেন- ভূমির সাথে দেশের সকলের কম-বেশি সম্পৃক্ততা রয়েছে। তাই ভূমি সেক্টর সম্পর্কে সকল সেক্টরের ক্যাডারগণের ধারণা থাকা জরুরি এবং দেশের সার্বিক কল্যাণের দিক বিবেচনায় সকল সেক্টরের অফিসারগণকে একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করা উচিত। এই প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত জ্ঞান আপনারা ভবিষ্যতে সিনিয়র হিসেবে আপনাদের জুনিয়র কর্মকর্তাদের মাঝে তুলে ধরবেন। তিনি পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরের বিসিএস ক্যাডারগণের সমন্বয়ে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। দেশের অধিকাংশ সাব-রেজিস্ট্রারগণ দূর্নীতিপ্রবণ, উপস্থিত সাংবাদিকগণের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন- সবাই মনে করেন দেশের সাব-রেজিস্ট্রারগণ ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এ কারণে সবাই সাব-রেজিস্ট্রারগণের দূর্নীতি ও অনিয়মের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেন। কিন্তু বাস্তবে- সাব-রেজিস্ট্রারগণ আইন মন্ত্রণালয়ের অধীন। তাই নিরুপায় হয়ে প্রতিমন্ত্রী আরও বলেন- অভিযোগ পাওয়ার পর সেগুলো সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ে রেফার করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন- সরকারের বিভিন্ন স্তরে যে সকল কর্মকর্তা রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত সেবা দিবেন, তাদের ভূমি আইন ও ল্যান্ড সার্ভের উপর জ্ঞান থাকাটা খুবই জরুরি। তাই আমরা সরকারের সকল সেক্টরের কর্মকর্তাগণের মধ্যে পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছি। ভূমিকে কেন্দ্র করেই বেশির ভাগ ক্রিমিনাল মামলা-মোকদ্দমা হয়ে থাকে। তাই আমরা এই প্রশিক্ষণ কর্মশালায় পুলিশকেও অন্তর্ভুক্ত করেছি। একইভাবে দেশের অনেক অঞ্চলে বন বিভাগের ও রেলওয়ের ভূমি রয়েছে। কোনো মন্ত্রণালয়ের সাথে আমাদের যাতো বিরোধ না হয়, তাই ভূমির বিষয়ে সকল মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া বিসিএস ক্যাডারগণের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত সচিব আরও বলেন- ডিজিটাল ল্যান্ড সার্ভে বিষয়ে জ্ঞান থাকাটা আপনাদের নিজেদেরও যেমন কাজে আসবে, তেমনি মাঠ প্রশাসনের কর্মকর্তাগণের মাঝে এই জ্ঞানের প্রসার ঘটাতে পারলে তা সমগ্র দেশের আরও বেশি কল্যাণ বয়ে আনবে এবং অত্যন্ত ফলপ্রসূ হবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাভারের এসিল্যান্ড রাহাত খাঁন, আশুলিয়ার এসিল্যান্ড মোঃ মহিবুল্লাহ আকন ও আমিন বাজারের এসিল্যান্ড এম. শরীফ খাঁন সহ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মিজ সায়মা ইউনুস, এনডিসি বলেন- দেশের সার্বিক প্রয়োজনের কথা বিবেচনা করেই আপনাদের উদ্দেশ্যে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা।-
উদ্বোধন পরবর্তী পর্যায়ে ভূমি প্রতিমন্ত্রী, ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ আমন্ত্রিত অতিথিগণ বিশেষ ভাবে (তাবু ও বাঁশ দ্বারা) নির্মিত অত্যন্ত সুন্দর ও গ্রামীণ পরিবেশের আবাসন ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন।



