ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedচট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে এক মতবিনিময় সভায় মীর হেলাল

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে এক মতবিনিময় সভায় মীর হেলাল

চট্টগ্রাম প্রতিবেদক: পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টির নেপথ্যে পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে। সরকার ইতোমধ্যে এই অপশক্তিকে চিহ্নিত করেছে।

তবে কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোশাকশিল্পের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে পরিস্থিতি উসকে দেওয়ার অপচেষ্টা করছে। দেশের জনগণ কোনোভাবেই তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতা উসকে দেওয়া হলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমও ক্ষতিগ্রস্ত হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

কাদের গনি চৌধুরী বলেন, মানুষ দাসত্বের সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্বের সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। দেশে এত গণমাধ্যম থাকা সত্ত্বেও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে যারা দাসত্বের সাংবাদিকতা করেছেন, তাদের অনেকে এখন লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। ভবিষ্যতে যেন সাংবাদিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনার প্রায় সবই বিএনপি সরকারের সময়ে নেওয়া হয়েছে। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেওয়া হয়েছে। পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য বর্তমানে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।

সভা শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular