ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, চালকসহ ট্রাক আটক

জামালপুর প্রতিনিধি:  জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন এবং মোটরসাইকেলচালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক লিখন আকন্দ (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে দ্রুতগতিতে গিয়ে অটোরিকশাটিকেও চাপা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেলচালক লিখন আকন্দকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাজন মিয়া বলেন, ‘আমার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে ট্রাকটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর চালক পালিয়ে যাওয়ার জন্য দ্রুতগতিতে ট্রাক চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার জন্য ট্রাকচালকই দায়ী।’

নিহত মোরশেদ আলমের শ্বশুর মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমার পরিবারে তিনজন চলে গেছে। আমার মেয়ে, মেয়েজামাই ও নাতনি। পরিবারে তো আর কেউ থাকল না। সব চলে গেল। আমরা এ ঘটনার বিচার চাই। আমার বুক খালি হয়েছে, এভাবে আর কারও বুক যেন খালি না হয়।’

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় চালকসহ ট্রাকটি আটক করেন।

জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোটরসাইকেলচালক লিখন আকন্দ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular