সম্ভাব্য স্থান পরিদর্শনে ইনভেস্ট বাংলাদেশ ও JICA প্রতিনিধিদল
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে প্রায় ৮০০ একর জমির ওপর প্রস্তাবিত ‘লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (JICA) প্রতিনিধিদল।
শনিবার (৭ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইন্ডাস্ট্রিয়াল জোন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। এ সময় JICA-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জমির প্রকৃতি ও সার্বিক সম্ভাব্যতা পর্যবেক্ষণ করেন তাঁরা। প্রায় ৮০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি গড়ে উঠবে নতুন শিল্পকারখানা। সৃষ্টি হবে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ, কমবে বেকারত্ব এবং সম্প্রসারিত হবে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড।



