শতাধিক স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, অংশ নেয় প্রায় এক হাজার শিক্ষার্থী
লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘বিজ্ঞান উদ্ভাবন এবং কাদামাটি উৎসব’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শতাধিক স্টলে প্রায় এক হাজার শিক্ষার্থী নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করে। মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে তারা বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ এবং সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরে।
মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী, হাসান মাহমুদ ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, এ আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা ও প্রত্যেকের সক্ষমতা বিকাশের গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন। পরে তাঁরা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন ঘটে।



