টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেওয়ার অভিযোগ, হাসপাতালে চলছে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আটক কিশোরের নাম মো. রানা। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিশুটি পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোরের পরিবার। ঘটনার সময় টেলিভিশন দেখার কথা বলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায় রানা। পরে মেয়েকে খুঁজতে গিয়ে তার চিৎকার শুনতে পান মা। জানালা দিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, ধর্ষণের শিকার একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



