আন্তর্জাতিক ডেস্ক: ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ পরিচালিত এবং গত সপ্তাহে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, ব্রিটেনে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় চারজনই ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য এক মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করেন।
গাজায় দুই সাড়ে দুই বছর ধরে চলতে থাকা এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে সম্প্রতি চালানো আক্রমণের প্রেক্ষাপটে এই হার ২০০৫ সালের ৪৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের বসন্তে ৭৮ শতাংশে পৌঁছেছে।
জুলাই মাসে ‘কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিং’-এর অর্থায়নে পরিচালিত ইউগভ-এর একটি মতামত জরিপে দেখা গেছে যে, ব্রিটেনের মাত্র ১৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।
ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতির ওপরও পড়েছে; যার ফলে সাধারণ পরিবারগুলোকে জ্বালানি, খাদ্য এবং মর্গেজ বা গৃহঋণের জন্য অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে। আর এই নিত্যপ্রয়োজনীয় বর্ধিত খরচ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চালানো যুদ্ধের মাশুল ব্রিটিশ পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম বৃদ্ধি। সুদের এই বৃদ্ধি গৃহঋণ গ্রহীতাদের কিস্তির পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং নতুন বা পুনঃনবায়নকৃত হোম লোনের খরচ বৃদ্ধি করেছে। অথচ ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে অর্থনীতিবিদরা সুদের হার কমার পূর্বাভাস দিয়েছিলেন।
গত তিন বছরে ইসরায়েলের প্রতি ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। গাজায় ইসরায়েলি অভিযানের এক বছর পর, ২০২৪ সালের শরতের মধ্যেই ৭৩ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে দেখতে শুরু করেছিলেন।
গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২২ হাজারেরও বেশি শিশু রয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। এছাড়া প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ১১ অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পর থেকেও ইসরায়েল গাজায় ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৫ হজার ৮৩৩ জনেরও বেশি মানুষকে আহত করেছে। চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলি অভিযানে ৪ হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিও ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিভঙ্গির চরম অবনতি ঘটেছে। বর্তমানে প্রায় ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য এক গুরুতর হুমকি বলে মনে করেন।
যুক্তরাজ্যের সর্ববৃহৎ সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ উল্লেখ করেছে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে তিক্ত জনসমক্ষে বিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বোমা হামলা শুরু করার সিদ্ধান্তের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক শান্তির জন্য হুমকি মনে করা ব্রিটিশদের অনুপাত আবারও বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।
১৯৯৪ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে মাত্র ২২ শতাংশ ব্রিটিশ যুক্তরাষ্ট্রকে গুরুতর হুমকি মনে করতেন। ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাকে বেআইনি আক্রমণের দুই বছর পর সেই সংখ্যা বেড়ে ৪৭ শতাংশ হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, তবে যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থায় ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রকে দেশের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করেছে যা নিঃসন্দেহে সম্পূর্ণ নতুন এক ঘটনা।
যুক্তরাজ্যের দীর্ঘতম সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত গবেষণা ‘বার্ষিক ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউড’ জরিপ থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ ১৯৮৩ সাল থেকে এই জরিপ পরিচালনা করে আসছে।
জরিপে আরও দেখা গেছে, ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক রাশিয়াকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে দেখেন, যেখানে চীনের ক্ষেত্রে এই মনোভাব পোষণ করেন ৬২ শতাংশ মানুষ।
চলতি বছরের বসন্তে ইরানকে হুমকি হিসেবে দেখা ব্রিটিশদের হার বেড়ে ৭৫ শতাংশে পৌঁছেছে, যা গত বছরের বসন্তে ছিল ৬৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে যে, মানসিকভাবে দেশটি স্নায়যুদ্ধ-পরবর্তী এক শান্তিময় সমাজ ব্যবস্থা থেকে সরে এসে স্থায়ী ভূ-রাজনৈতিক প্রতিযোগিতাকেই নতুন কৌশলগত বাস্তবতা হিসেবে গ্রহণ করে নেওয়ার দিকে ধাবিত হয়েছে।
ইউরোপে চলমান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হুমকি, পশ্চিম ও চীনের মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা এবং ক্রমবর্ধমান আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনের পটভূমিতে এই পরিবর্তনটি ঘটেছে।
সূত্র: মিডল ইস্ট আই



