নিউজ ডেস্ক : দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় ১১১টি মহিলা কলেজ রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে আনীত সিদ্ধান্ত প্রস্তাব ও এর ওপর আনা সংশোধনীর বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তার নির্বাচনী এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় আরও কয়েকজন সংসদ সদস্য একই দাবি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘বিফোর ইউ স্টার্ট, আমার বাড়ি কলমাকান্দা। এর পাশে ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জের দুইটা উপজেলা—এই তিনটা উপজেলার মধ্যে একটাও কোনো ধরনের কোনো মহিলা এই কলেজ নেই। তো কলমাকান্দা নামটা একটু হুইপ আশরাফুদ্দিন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, ওনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।’
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলমাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’
আনীত সিদ্ধান্ত প্রস্তাব প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমাদের সংসদ সদস্য, লাকসাম উপজেলার যে প্রস্তাবটি তিনি এনেছেন এবং সেই সাথে অন্যান্য সংসদ সদস্যরা একই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আমরা সকলেই নারী শিক্ষা সম্প্রসারণ চাই। যেমন চেয়েছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া।
মন্ত্রী বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া যে বলেছিলেন, আমাদের ১৮ কোটি লোকের ৩৬ কোটি হাত চাই। তিনি চাননি নারীরা ঘরে বসে থাকুক। সেই জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য প্রথমে ক্লাস টেন পর্যন্ত, তারপর ইন্টারমিডিয়েট। ওনার সুযোগ হয়নি, তিনি পারেননি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করতে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে।
দেশে মহিলা কলেজের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় একটি করে মহিলা কলেজ রয়েছে। সব মিলিয়ে কলেজের সংখ্যা ১১১টি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সারা দেশে জরিপ চালানো হচ্ছে। কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান কী এবং যেসব উপজেলায় নেই, কোথায় নতুন করে কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন—এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। ইনশাআল্লাহ, আমরা অতি শীঘ্র প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করব।
শিক্ষামন্ত্রী জানান, শতবর্ষ পূর্ণ হয়েছে এমন স্কুল ও কলেজগুলোর বিষয়েও প্রধানমন্ত্রী তথ্য চেয়েছেন। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, সেজন্যেই আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে আবেদন করব, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে, প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন, সেই জন্য আজকের মতো এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করার জন্য।



