দরজা ভেঙে দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, এয়ারগান ও দামি যন্ত্রপাতি নিয়ে গেল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে দিনের বেলায় এক সাংবাদিকের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি যন্ত্রপাতি, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বসতবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের আলহাজ্ব মাওলানা বজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু) জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় তালা লাগিয়ে যান সাংবাদিক রেজওয়ান রহমান। দুপুরে বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশির চিহ্ন দেখে খোঁজাখুঁজি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দোতলার সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে কৌশলে গেট খুলে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র ও একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা।
সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু) বলেন, ‘সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে বাইরে যাই। দুপুরে ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো। পরে দেখতে পাই, নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র ও একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। দিনের বেলায় এমন ঘটনায় আমি হতবাক। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনসহ সাংবাদিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় তাঁরা রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় সচেতন মহলের মতে, জনবসতিপূর্ণ এলাকায় দিনের বেলায় এমন চুরির ঘটনা বসতবাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁরা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



