নামজারির কাজে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ; তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের
নাজমুল হোসেন :লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন ভূমি অফিসে নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে অতিরিক্ত টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, টাকা ছাড়া ভূমিসংক্রান্ত কোনো কাজই এগোয় না।
গত সোমবার এ-সংক্রান্ত একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে আসে। ভিডিওর সূত্র ধরে বৃহস্পতিবার সরেজমিনে বাঙ্গাখাঁ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন অফিসের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে সুজন নামের ওই ব্যক্তিকে অফিসের ভেতরে দেখা যায়। নামজারির জন্য কেউ এলে তাঁর সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে—এমন পরিস্থিতিও দেখা যায়।
তবে উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের দাবি, তিনি অফিসে না থাকলে সেখানে আর কেউ থাকেন না।
এদিকে বিকেলে গণমাধ্যমকর্মীরা আবার ভূমি অফিসে গেলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সরে যাওয়ার চেষ্টা করেন সুজন। পরে তাঁকে দাঁড় করিয়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাঁর অনেক ব্যবসা রয়েছে। এসব ব্যবসায় লোকজন তাঁকে টাকা দিয়ে যান।
ভূমি অফিসে তাঁর দায়িত্ব কী—এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, তিনি ওই অফিসের কোনো দায়িত্বে নেই। এমনকি সেখানে চাকরিও করেন না। তবে সরকারি ভূমি অফিসে তাঁর উপস্থিতি এবং নামজারির কাজে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে গেলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য দেবেন বলে জানান।
সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সদস্য অধ্যাপক জেড এম ফারুকী বলেন, ভূমি অফিসের অনিয়ম নিয়ে টিআইবি দীর্ঘদিন ধরে কাজ করছে। এটি শুধু লক্ষ্মীপুরের চিত্র নয়, দেশের ভূমি খাতজুড়েই এমন সমস্যা রয়েছে। এর সঙ্গে ঊর্ধ্বতন দপ্তরের সংশ্লিষ্টতার বিষয়টিও রয়েছে। অনেক সময় ভূমি কর্মকর্তারা তাঁদের ফোনও ধরেন না। এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে। তাহলেই নাগরিকেরা সঠিক সেবা পাবেন।
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খ্রিসা বলেন, ‘আমি এইমাত্র আপনাদের কাছ থেকে ভিডিওটি পেয়েছি। বিষয়টি দেখে সঠিক তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন ভূমি অফিস। সেখানে নামজারির মতো সেবা নিতে গিয়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভূমি অফিসে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হোক।



