ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভুটানে সার্ক আঞ্চলিক কর্মশালা শুরু

ভুটানে সার্ক আঞ্চলিক কর্মশালা শুরু

নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা জোরদার এবং ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে ভুটানের থিম্পুতে বুধবার থেকে দুই দিনব্যাপী একটি আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখার যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। ‘২০২৫ সালের যৌথ ঘোষণার অগ্রাধিকার, ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল এবং ২০২৬ সালের আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষের মধ্যে সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালা আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ উদ্‌যাপনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব। তিনি টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনূস আলী কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. এস. মালেকা পারভীন বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ুনতেন ফুন্টশো।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শচীন কুমার। তিনি দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খলের ভূমিকা তুলে ধরেন।

এশীয় কৃষক সমিতির এস্টার পেনুনিয়া জাতিসংঘের পরিবারভিত্তিক কৃষি দশক থেকে আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ পর্যন্ত অগ্রযাত্রা এবং টেকসই খাদ্যব্যবস্থায় কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর ভূমিকা তুলে ধরেন।

কর্মশালায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিরাও বক্তব্য দেন। এ ছাড়া এশীয় কৃষক সমিতির মহাসচিব মারিয়া এলেনা রেবাগে কৃষক সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমেদ তরফদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভুটানের ভারপ্রাপ্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণা লুংগেলি।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা নিজ নিজ দেশের ক্ষুদ্র পশুপালন ব্যবস্থার অভিজ্ঞতা ও প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা, উন্নত জাত উদ্ভাবন, পশুখাদ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, চারণভূমি ব্যবস্থাপনা, বাজারসংযোগ, অর্থায়ন এবং নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিয়ে কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে।

কর্মশালাটির মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল শক্তিশালী করা, আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণ এবং কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের একটি কাঠামো তৈরি করা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular