ফরিদপুর প্রতিবেদক: বিদেশে অবস্থান করে দেশের মানুষের ওপর হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “দিল্লিতে অবস্থান করে যারা দেশের মানুষের ওপর হামলা চালাচ্ছেন, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে আরাম-আয়েশের জীবনযাপন করে যারা নাশকতা চালাচ্ছেন, দেশের মানুষ তাদের ঘৃণা করে।”
বিগত সরকারের সময়ের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমাদের ওপর গুম, হত্যা ও জেল-জুলুম চালানো হয়েছে। তবুও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমাদের শান্তিতে থাকতে দিন।” তিনি প্রতিপক্ষের উদ্দেশে বলেন, “অলিগলি দিয়ে এসে ককটেল ফুটিয়ে আন্দোলন না করে সাহস থাকলে দেশে প্রকাশ্যে আসুন। আমাদের ধৈর্যের বাঁধের একটি সীমা আছে।”
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন এবং আগামীকালের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সমাবেশস্থলেই রাজু মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তার নিজ বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জে দাফন করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোডাউন শেষে রাজু মোল্লা নুরুল্লাহগঞ্জ থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আলগি এলাকায় যান। সেখানে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।



