ডিসেম্বর মাসে জাতীয় ও দলীয় চারটি গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে এসব কর্মসূচি নেওয়া হচ্ছে। দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে দল ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে ডিসেম্বরের কর্মসূচির বিষয়টি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। একই মাসে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।
এ ছাড়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার দেশে ফেরার দিন ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান রিজভী। এ উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল এবং আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।



