ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় ‘আকভানের’ কারণে রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে ওই এলাকার অন্তত ৩০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে মাটি নদীগর্ভে বিলীন হয়ে বেড়িবাঁধ সরু ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হবে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বলেন, কুড়িকাহুনিয়ায় দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু না হলে বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সংস্কার শুরুর প্রচেষ্টা চলছে।

প্রসঙ্গত, এর আগেও সেখানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular