ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিউত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক

উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক

নিউজ ডেস্ক: জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার আদালতে উত্তরা পশ্চিম থানার পুলিশ এ আবেদন করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়। টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন ।

আদালতে দেওয়া প্রতিবেদনে উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা হোক। এ মামলায় প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন পরবর্তী সময়ে করা হবে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরে আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলিও ছোড়ে। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটে একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাও রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular