রামগতিতে চাচাতো ভাইকে মারধর ও গ্রেপ্তারের অভিযোগ, ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন যুবলীগ নেতা রুবেল
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে চাচাতো ভাইকে মারধর ও গ্রেপ্তারের ঘটনায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর পরিবার নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা আওয়ামী লীগ করেছি, এটাই কি আমাদের অপরাধ?’
ফেসবুক লাইভে রুবেল অভিযোগ করেন, তাঁর অসুস্থ চাচাতো ভাই মো. ফয়েজ চিকিৎসার জন্য স্থানীয় হারুন বাজারে গেলে একদল লোক তাঁকে ঘিরে ধরে মারধর করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফয়েজ নিরপরাধ দাবি করে তাঁর সঙ্গে এমন আচরণের কারণ জানতে চান রুবেল।
লাইভে রুবেল আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর এলাকায় অবস্থান এবং ৭ আগস্ট হারুন বাজারে দলীয় কার্যালয় উদ্বোধনের কারণে তাঁর বাবা নুরুল আমিন চেয়ারম্যানকে উপজেলা পরিষদে হেনস্তা ও মারধর করা হয়েছিল।
তাঁর দাবি, এরপর তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলায় তাঁর বাবা গ্রেপ্তার হয়ে কারাবাস করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জায়গাজমি হারিয়ে তাঁদের এলাকাছাড়া হতে হয়েছে। বর্তমানে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।



