চীনা নাগরিক ফাং ওয়েনজুনের নতুন নাম আব্দুর রহমান, লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়ার সঙ্গে বিয়ে ঘিরে এলাকায় কৌতূহল
লক্ষ্মীপুর প্রতিনিধি: ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের পরিণতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির দুই মানুষের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।
সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।
হলফনামায় মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা অনুসরণের অঙ্গীকার করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় আব্দুর রহমান। তবে পাসপোর্টসহ অন্যান্য নথিপত্রে তাঁর আগের নাম ফাং ওয়েনজুন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তারের বাবার নাম মুক্তার হোসেন এবং মায়ের নাম তাসলিমা আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের চরবুতা গ্রামে তাঁদের বাড়ি। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন।
চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ফাং ওয়েনজুন ও সুমাইয়ার পরিচয় কীভাবে, তাঁদের মধ্যে কীভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠল এবং বিয়ের আনুষ্ঠানিকতা কোথায় ও কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ভিন্ন ভাষা ও সংস্কৃতির দুই মানুষের এই সম্পর্কের পরিণতি নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে পরিচয় থেকে বিয়ে পর্যন্ত পুরো ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।



