সুনামগঞ্জে এবি যুব পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন, ৩১ সদস্যের কমিটিতে আহ্বায়ক সুজন ও সদস্যসচিব আক্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্য আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি যুব পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলেন তরুণ ও যুবকেরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের গণ-আন্দোলনেও যুবসমাজের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের অন্যতম চাবিকাঠি। তবে রাজপথে তরুণেরা যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাঁদের সাফল্য ততটা দৃশ্যমান নয়। যুব নেতৃত্ব রাজপথ ও রাষ্ট্র পরিচালনা—দুই ক্ষেত্রেই সমানভাবে সফল হতে পারলে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে, তাদের বোঝা উচিত, জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর কারণেই তাদের পতন হয়েছিল। সরকার এসব কর্মকাণ্ড আইনগতভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা জীবন দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস ও উদ্যমকে রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ ও সহিংসতার রাজনীতিতে জড়িয়ে তরুণদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ গঠনে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদী গোষ্ঠী গুম, খুন ও অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকারও সে ক্ষেত্রে সফল হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে বলেও জানান তিনি।
এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ আনসার। উদ্বোধনী বক্তব্য দেন জেলা সদস্যসচিব আলী আসগর ইমন ও যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য পদধারীদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান।
নতুন কমিটির নেতারা সুনামগঞ্জের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমাধান এবং দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



