প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম
একসময় যে অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই জীবাণুঘটিত রোগ সারানো যেত, আজ অনেক ক্ষেত্রে তা আর কাজ করছে না। কারণ, জীবাণু ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা অর্জন করছে।
বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সংক্ষেপে এএমআর (AMR)। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে প্রায় ৪৭ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে এএমআর (AMR) জড়িত ছিল। এখনই ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বছরে ৮০ লাখ ছাড়াতে পারে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে দক্ষিণ এশিয়া [১]। অর্থাৎ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই নীরব মহামারির একেবারে কেন্দ্রে।
এএমআর (AMR) কেবল হাসপাতালের সমস্যা নয়। প্রতিরোধী জীবাণু মানুষ, প্রাণী, খাদ্য ও পরিবেশের মধ্যে অবাধে চলাচল করে। খামারে অপ্রয়োজনে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মাংস, দুধ, ডিম, মাছ, মাটি ও পানির পথ ধরে শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে আসে।
এ কারণেই প্রয়োজন ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ দৃষ্টিভঙ্গি, যেখানে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসঙ্গে দেখা হয়। ‘ওয়ান হেলথ – ওয়ান অ্যাকশন’ উদ্যোগের লক্ষ্য এই ধারণাকে মাঠপর্যায়ে বাস্তব কাজে রূপ দেওয়া। আর এই লড়াইয়ের সামনের সারিতে আছেন দেশের ভেটেরিনারিয়ানরা।
দেশের ২০টি উপজেলার ৭৬৮টি ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খামারে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৮ শতাংশ খামারে মাত্র একটি উৎপাদন চক্রের মধ্যেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে। অর্ধেকের বেশি খামারে রোগ না হলেও ‘প্রতিরোধের জন্য’ ওষুধ খাওয়ানো হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন ও অ্যামোক্সিসিলিন, যেগুলো মানুষের চিকিৎসাতেও গুরুত্বপূর্ণ [২]। মাছ চাষেও অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ছাড়াই ফিড ডিলার বা ওষুধ বিক্রেতার পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে।
কিন্তু এই অ্যান্টিবায়োটিক কার কথায় ব্যবহার করা হচ্ছে? মাঠের বাস্তবতা হলো, বেশির ভাগ ক্ষেত্রেই ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়াই। অনেক খামারি নিজের অভিজ্ঞতা বা প্রতিবেশীর পরামর্শে নিজেই ওষুধ ঠিক করেন। কিছু ফিড ও ওষুধ কোম্পানির প্রতিনিধি বাচ্চা তোলার দিন থেকেই ‘অ্যান্টিবায়োটিক শিডিউল’ ধরিয়ে দেন, ফলে সুস্থ মুরগিকেও নিয়ম করে ওষুধ খাওয়ানো হয়। গ্রামের হাতুড়ে বা গ্রাম্য চিকিৎসকের কথায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যাঁদের ভেটেরিনারি প্রশিক্ষণ নেই।
বাজারের ওষুধ বিক্রেতা ও ফার্মেসির লোকজনও প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করেন, এমনকি নিজেরাই পরামর্শ দেন। এক গবেষণায় দেখা গেছে, ছোট খামারিরা বাচ্চা ও খাদ্য কেনার জন্য ডিলারের কাছ থেকে বাকিতে পণ্য নেন।
বিনিময়ে ওষুধও কিনতে হয় সেই ডিলারের কাছ থেকেই, আর কোন অ্যান্টিবায়োটিক কখন দেওয়া হবে, সে সিদ্ধান্তও মূলত ডিলাররাই নেন। গবেষণাভুক্ত সব খামারেই একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছিল, এমনকি নিষিদ্ধ অ্যান্টিবায়োটিকও [৩]।
ফলে রোগ নির্ণয় ছাড়া, ভুল ওষুধ, ভুল মাত্রা ও অসম্পূর্ণ মেয়াদে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, যা প্রতিরোধী জীবাণু তৈরির সবচেয়ে বড় কারণ। এই চর্চা এখনই বন্ধ করতে হবে।
বাংলাদেশের বাস্তবতায় সমস্যাটি আরও জটিল। আমাদের খামারিদের বড় অংশই নিরক্ষর বা স্বল্পশিক্ষিত, প্রশিক্ষণের সুযোগও তাঁরা খুব কম পান। অ্যান্টিবায়োটিক কী, কখন লাগে, কত দিন খাওয়াতে হয় আর অপব্যবহারে কী ক্ষতি হয়, এসব অনেকেই জানেন না।
তাই যে যা বলেন, সেটাই তাঁরা বিশ্বাস করেন। দেশের কয়েকটি জেলার বাণিজ্যিক পোলট্রি খামারিদের ওপর এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ খামারির অ্যান্টিবায়োটিক ও এএমআর (AMR) বিষয়ে জ্ঞান, মনোভাব ও অভ্যাস যথেষ্ট নয়।
প্রতি তিনজনের একজন খামারি নিবন্ধিত ভেটেরিনারিয়ানের কাছে না গিয়ে নিজে বা অন্যের কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন [৪]। এর সঙ্গে যোগ হয় আমাদের গরম ও আর্দ্র আবহাওয়া, ঘিঞ্জি খামার আর দুর্বল জৈব নিরাপত্তা। এসব কারণে রোগ বেশি হয়, আর লোকসানের ভয়ে খামারি রোগ হওয়ার আগেই ওষুধ খাওয়াতে শুরু করেন।
জীবন্ত মুরগির বাজারেও (লাইভ বার্ড মার্কেট) একই চিত্র। বেশি মুনাফার আশায় অনেক ব্যবসায়ী অনেক সময় বিক্রির আগে কয়েক দিন দোকানে রাখা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ান, যাতে মুরগি না মরে এবং সুস্থ দেখায়। সেই মুরগির মাংস সরাসরি চলে যায় ভোক্তার খাবার টেবিলে।

চিত্র ১: খামারে প্রেসক্রিপশন ছাড়া ও অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রতিরোধী জীবাণু বা সুপারবাগ তৈরি হয়। এই জীবাণু প্রাণী, খাদ্য, মানুষ ও পরিবেশের মধ্যে চক্রাকারে ছড়িয়ে পড়ে।
এর ফল এখন স্পষ্ট। দেশের ব্রয়লার খামার থেকে সংগৃহীত ই. কোলাই জীবাণুর প্রায় এক-চতুর্থাংশে পাওয়া গেছে কলিস্টিন প্রতিরোধী জিন mcr-1। যেসব খামারে কলিস্টিন বেশি ব্যবহৃত হয়েছে, সেখানে এই জিনও বেশি মিলেছে [৫]। অথচ কলিস্টিন মানুষের জন্য ‘শেষ ভরসা’র অ্যান্টিবায়োটিক। বাংলাদেশের ২৯৫টি গবেষণার তথ্য নিয়ে আমাদের সমন্বিত বিশ্লেষণে (মেটা-অ্যানালাইসিস) দেখা গেছে, মানুষ, প্রাণী, খাদ্য ও পরিবেশ মিলিয়ে গড়ে ৬৭ শতাংশ জীবাণু একাধিক ওষুধ প্রতিরোধী। জীবন্ত মুরগির বাজার ও জবাইখানার নমুনায় এই হার প্রায় ৯৩ শতাংশ।
দুধ, মাংস ও ডিমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়ার খবরও বারবার আসছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই জানেন না: দুধ ফোটালেও এই অবশিষ্টাংশ পুরোপুরি নষ্ট হয় না। এক গবেষণায় চিকিৎসা চলাকালে গাভির দুধের সব নমুনাতেই রেসিডিউ পাওয়া গেছে, কিন্তু ওষুধের প্রত্যাহারকাল (উইথড্রয়াল পিরিয়ড) মেনে চলার পর আর পাওয়া যায়নি [৬]। তাই নিরাপদ দুধের দায়িত্ব শুরু হয় খামার থেকেই।
করণীয়
১. দায়িত্বশীল প্রেসক্রিপশন: রোগ নির্ণয় করে কেবল প্রয়োজন হলেই অ্যান্টিবায়োটিক দিতে হবে, তা-ও সঠিক ওষুধ, সঠিক মাত্রায় ও সঠিক মেয়াদে। সুস্থ মুরগির পুরো ঝাঁককে ‘প্রতিরোধমূলক’ ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে। মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রাণীতে ব্যবহার এড়িয়ে চলতে হবে। প্রতিটি প্রেসক্রিপশনে ওষুধের নাম, মাত্রা, মেয়াদ ও প্রত্যাহারকাল স্পষ্ট করে লিখে দিতে হবে।
২. প্রেসক্রিপশনবিহীন ব্যবহার ও হাতুড়ে চিকিৎসা বন্ধ: প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না, এই বিধান আইনে স্পষ্ট থাকতে হবে এবং কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রাণীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বিক্রি হবে কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশনে।
ভেটেরিনারিয়ান, ওষুধ কোম্পানি ও ওষুধ বিক্রেতা, সবাইকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আইন ও বিধিমালা মেনে চলতে হবে। কোম্পানির প্রতিনিধি, গ্রাম্য চিকিৎসক বা ওষুধ বিক্রেতার পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং কোম্পানির দেওয়া ‘শিডিউল’ ধরে সুস্থ প্রাণীকে ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে।
এ জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে মিলে ওষুধের দোকানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা দরকার। তবে শুধু নিষেধ করলেই হবে না; খামারির হাতের কাছে সহজলভ্য ভেটেরিনারি সেবা ও মোবাইল ফোনে পরামর্শের (টেলিমেডিসিন) ব্যবস্থাও করতে হবে, যাতে বিপদে পড়ে তাঁকে হাতুড়ে চিকিৎসকের কাছে যেতে না হয়।
৩. প্রাণিকল্যাণ ও রোগ প্রতিরোধ: রোগ কম হলে ওষুধও কম লাগে। খামারের জৈব নিরাপত্তা, নিয়মিত টিকা, ভালো বায়ু চলাচল, সঠিক ঘনত্ব ও সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। দেশের অনেক খামারে গাভির উপসর্গহীন (সাবক্লিনিক্যাল) ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ ব্যাপক।
দোহনের সময় পরিচ্ছন্নতা, দোহনের পর বাঁট জীবাণুনাশকে ডোবানো (টিট ডিপিং), শুকনো ও পরিষ্কার মেঝে এবং ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্টের (সিএমটি) মাধ্যমে আগেভাগে রোগ শনাক্ত করা গেলে অনেক অ্যান্টিবায়োটিক চিকিৎসাই এড়ানো যায়।
প্রাণিকল্যাণ উন্নত করা এখানে মূল চাবিকাঠি। মুরগি বা গাভি যদি পর্যাপ্ত জায়গা, পরিষ্কার পানি, আরামদায়ক বিশ্রামের জায়গা ও গরমে স্বস্তি পায় এবং চাপমুক্ত থাকে, তবে তাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, রোগবালাই কমে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও কমে।
আর অ্যান্টিবায়োটিক কম ব্যবহার হলে এএমআর (AMR) তৈরির ঝুঁকিও কমে যায়। ভিয়েতনামের ছোট মুরগির খামারে নিয়মিত ভেটেরিনারি পরামর্শের ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ৬৬ শতাংশ এবং মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে, অথচ মুরগির ওজন বেড়েছে [৭]। অর্থাৎ কম ওষুধেও লাভজনক খামার সম্ভব।
৪. প্রত্যাহারকাল ও খাদ্য নিরাপত্তা: চিকিৎসাধীন গাভির দুধ ও মুরগির মাংস প্রত্যাহারকাল শেষ হওয়ার আগে বাজারে যেতে পারবে না। সহজ ভাষায় তা খামারিকে বুঝিয়ে দেওয়া ভেটেরিনারিয়ানের দায়িত্ব। দুধ, মাংস, ডিম, মাছ ও পশুখাদ্যে নিয়মিত রেসিডিউ পরীক্ষা এবং মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী খাদ্যে অ্যান্টিবায়োটিক মেশানোর নিষেধাজ্ঞা কার্যকর করাতেও তাঁদের ভূমিকা অপরিহার্য।
৫. নজরদারি ও ল্যাবরেটরির কাজ: উপজেলা ও জেলা ভেটেরিনারি হাসপাতালে জীবাণু কালচার ও সংবেদনশীলতা পরীক্ষার সুযোগ থাকলে অনুমানের ওপর নয়, পরীক্ষার ভিত্তিতে ওষুধ বেছে নেওয়া যাবে। খামার, বাজার, খাদ্য ও পরিবেশ থেকে নমুনা সংগ্রহ করে জাতীয় এএমআর (AMR) নজরদারিতে তথ্য দেওয়া এবং খামারভিত্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের হিসাব রাখাও জরুরি।
৬. খামারি ও জনসচেতনতা: অ্যান্টিবায়োটিক ব্যবহারের বেশির ভাগ সিদ্ধান্ত খামারেই হয়। তাই খামারি ও সাধারণ মানুষকে বোঝাতে হবে, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষতি কী, খাদ্যে রেসিডিউ কীভাবে আমাদের শরীরে আসে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও কেন সারানো কঠিন হয়ে পড়বে।
এ জন্য উঠান বৈঠক, প্রদর্শনী খামার, সহজ বাংলায় লেখা লিফলেট ও মোবাইলে দেখার উপযোগী ছোট ভিডিওর মাধ্যমে খামারিদের কাছে পৌঁছাতে হবে। প্রতিবছর নভেম্বরে পালিত বিশ্ব এএমআর (AMR) সচেতনতা সপ্তাহে ভেটেরিনারি শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকেরা বড় ভূমিকা রাখতে পারেন। জীবন্ত মুরগির বাজারেও ভেটেরিনারিয়ানদের নেতৃত্বে নিয়মিত প্রচারণা চালাতে হবে এবং ব্যবসায়ীরা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন কি না, তা তদারকি করতে হবে।
৭. নীতি বাস্তবায়ন ও ওয়ান হেলথ সমন্বয়: দেশে জাতীয় এএমআর (AMR) কর্মপরিকল্পনা, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ রয়েছে; এখন প্রয়োজন এগুলোর কার্যকর বাস্তবায়ন। জাতীয় ভেটেরিনারি চিকিৎসা নির্দেশিকা তৈরি, প্রেসক্রিপশন ও চিকিৎসা রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা চালু এবং ওয়ান হেলথ কমিটিতে চিকিৎসক, ফার্মাসিস্ট ও পরিবেশবিদদের সঙ্গে এক টেবিলে বসে কাজ করা ভেটেরিনারিয়ানদের দায়িত্ব।

চিত্র ২: ভেটেরিনারিয়ানদের নেতৃত্বে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার, প্রাণিকল্যাণ, নিরাপদ খাদ্য, আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা ও ওয়ান হেলথ টিমের সমন্বিত কাজে রোগ কমে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে এবং এএমআর (AMR) প্রতিরোধ সম্ভব হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) দেশের সবচেয়ে বড় সরকারি ভেটেরিনারি সেবাদাতা। জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রচার, উপজেলা ভেটেরিনারি হাসপাতালকে দায়িত্বশীল প্রেসক্রিপশনের আদর্শ হিসেবে গড়ে তোলা, রোগ অনুসন্ধান ল্যাবরেটরি শক্তিশালী করা, প্রাণিখাতে এএমআর (AMR) ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের নজরদারি, রেসিডিউ পরীক্ষা, টিকাদান কর্মসূচি এবং ওষুধের দোকান ও ফিড মিল তদারকিতে ডিএলএসের নেতৃত্ব অপরিহার্য।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) ভেটেরিনারি চিকিৎসকদের নিবন্ধন ও পেশাগত মান নিয়ন্ত্রণ করে। দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারকে পেশাগত আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা, ডিভিএম পাঠ্যক্রমে এএমআর (AMR) ও ওয়ান হেলথ বিষয় বাধ্যতামূলক করা, নিবন্ধন নবায়নের সঙ্গে ধারাবাহিক প্রশিক্ষণ যুক্ত করা এবং নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হতে পারে বিভিসির গুরুত্বপূর্ণ কাজ।
পাশাপাশি গ্রামের হাতুড়ে চিকিৎসকেরা যাতে ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়া কোনো প্রাণীকে অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা দিতে না পারেন, সে বিষয়ে বিভিসিকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চিকিৎসা ও প্রেসক্রিপশনের দায়িত্ব থাকবে কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানের হাতে; অন্যরা সহায়ক হিসেবে খামারির পাশে থাকতে পারেন।
বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ) পেশাজীবীদের সংগঠন হিসেবে প্রশিক্ষণ, কর্মশালা ও বাংলায় সহায়ক উপকরণ তৈরি করতে পারে। ভেটেরিনারি রোগনির্ণয় সুবিধায় বিনিয়োগ এবং প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রি বন্ধে সরকারের কাছে জোরালো দাবি তুলতে পারে। চিকিৎসক ও ফার্মাসিস্টদের সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করে ওয়ান হেলথে ভেটেরিনারিয়ানদের সমান অংশীদারত্বও নিশ্চিত করতে পারে।
পর্যাপ্ত ভেটেরিনারিয়ান: এত কাজের জন্য মাঠে পর্যাপ্ত ভেটেরিনারিয়ান থাকা জরুরি। দেশের খামারের সংখ্যার তুলনায় সরকারি ভেটেরিনারিয়ানের সংখ্যা এখনো অনেক কম; অনেক উপজেলায় হাতে গোনা ১ বা ২ জন ভেটেরিনারিয়ানকে বিপুলসংখ্যক খামার সামলাতে হয়।
খামারির পাশে ভেটেরিনারিয়ান না থাকলে সেই শূন্যস্থান পূরণ করেন হাতুড়ে চিকিৎসক ও ওষুধ বিক্রেতারা। তাই প্রতিটি উপজেলায় কমপক্ষে চারজন ভেটেরিনারিয়ানের পদ থাকা প্রয়োজন। পাশাপাশি দুই থেকে তিনটি ইউনিয়ন মিলিয়ে একজন করে ভেটেরিনারিয়ানের পদ সৃষ্টি করা আবশ্যক। গ্রামে ভেটেরিনারিয়ান যত বাড়বে, হাতুড়ে চিকিৎসকের তৎপরতা তত কমবে, আর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও এএমআর (AMR) প্রতিরোধ তত সহজ হবে।
‘ওয়ান হেলথ – ওয়ান অ্যাকশন’ মানে সবার স্বাস্থ্য সুরক্ষায় সবার একসঙ্গে কাজ। তাই সরকারের যেকোনো ওয়ান হেলথ কর্মসূচিতে মানুষের চিকিৎসার পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসক, ভেটেরিনারিয়ান ও পরিবেশবিদদের এক দলে রেখে কাজ করতে হবে।
সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া ওয়ান হেলথ, এএমআর (AMR) বা ওয়ান অ্যাকশন বিষয়ক সব পদক্ষেপ ও প্রকল্পে ভেটেরিনারিয়ানদের সমান অংশীদারত্ব, নিয়োগ ও অগ্রণী ভূমিকা নিশ্চিত করতে হবে। কারণ মানুষের বেশির ভাগ নতুন সংক্রামক রোগ আসে প্রাণী থেকে, আর অ্যান্টিবায়োটিকের বড় একটি অংশ ব্যবহৃত হয় প্রাণিসম্পদ খাতে। প্রাণিস্বাস্থ্যকে বাদ দিয়ে ওয়ান হেলথ সম্ভব নয়।
এএমআর (AMR) একটি নীরব মহামারি। এটি কোনো শব্দ না করে ধীরে ধীরে আমাদের সবচেয়ে কার্যকর ওষুধগুলোকে অকেজো করে দিচ্ছে। যেসব জীবাণুর বিরুদ্ধে প্রায় কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করে না, সেগুলোকে বলা হয় ‘সুপারবাগ’।
দেশে-বিদেশে হাসপাতালে, খামারে, এমনকি নদী-নালার পানিতেও এখন এমন সুপারবাগ পাওয়া যাচ্ছে। সুপারবাগ ছড়িয়ে পড়লে সাধারণ কাটা-ছেঁড়া, নিউমোনিয়া, প্রসবকালীন সংক্রমণ বা ছোটখাটো অস্ত্রোপচারও আবার প্রাণঘাতী হয়ে উঠবে, যেমনটা ছিল অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে।
প্রাণীর রোগের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়বে, খামারির ক্ষতি বাড়বে। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এটি পারমাণবিক বোমার মতোই ভয়াবহ হয়ে উঠতে পারে; সাধারণ সংক্রমণেও লাখ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে, কারণ তখন কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই বিপদ ঠেকানোর প্রথম ধাপ জনসচেতনতা। খামারি থেকে শুরু করে সাধারণ ভোক্তা, সবাইকে বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক মুড়ি-মুড়কির মতো ব্যবহারের জিনিস নয়। সভা-সেমিনারের পাশাপাশি স্কুলেও শিশুদের শেখাতে হবে অ্যান্টিবায়োটিক কী, এর অপব্যবহারে কী হয় এবং ভবিষ্যতে এর পরিণতি কত ভয়াবহ হতে পারে।
আজকের শিশুরাই আগামী দিনের খামারি, ভোক্তা ও চিকিৎসক। একইভাবে সচেতনতার আওতায় আনতে হবে ভোক্তা, ডেইরি ও পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি, খামারের কর্মী, জবাইখানা ও কসাইখানার কর্মী এবং ব্যবসায়ীদের। গণমাধ্যম, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, উঠান বৈঠক, সব মাধ্যম ব্যবহার করে সবাইকে এক ছাতার নিচে আনতে পারলেই এই বার্তা ঘরে ঘরে পৌঁছাবে এবং কাজটি এগিয়ে যাবে।
দায়িত্বশীল প্রেসক্রিপশন, প্রাণিকল্যাণ ও রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য, নজরদারি, খামারি সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ভেটেরিনারিয়ানরা প্রাণীর স্বাস্থ্য ও খামারির আয় রক্ষা করেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে পারেন।
বাংলাদেশে ‘ওয়ান হেলথ – ওয়ান অ্যাকশন’ উদ্যোগের সব কাজে তাই ভেটেরিনারিয়ানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চিকিৎসক, ভেটেরিনারিয়ান, পরিবেশবিদ, খামারি ও সরকার এক দলে কাজ করলেই বাঁচবে অ্যান্টিবায়োটিক, আর অ্যান্টিবায়োটিক বাঁচলেই বাঁচবে মানুষ ও প্রাণী।
তথ্যসূত্র
১. GBD 2021 Antimicrobial Resistance Collaborators (2024). Global burden of bacterial antimicrobial resistance 1990–2021: a systematic analysis with forecasts to 2050. Lancet, 404: 1199–1226.
২. Chowdhury S, et al. (2022). Antibiotic usage practices and its drivers in commercial chicken production in Bangladesh. PLoS One, 17: e0276158.
৩. Masud AA, et al. (2020). Drivers of antibiotic use in poultry production in Bangladesh: dependencies and dynamics of a patron-client relationship. Frontiers in Veterinary Science, 7: 78.
৪. Hassan MM, et al. (2021). Knowledge, attitude, and practices on antimicrobial use and antimicrobial resistance among commercial poultry farmers in Bangladesh. Antibiotics, 10: 784.
৫. Ahmed S, et al. (2020). High prevalence of mcr-1-encoded colistin resistance in commensal Escherichia coli from broiler chicken in Bangladesh. Scientific Reports, 10: 18637.
৬. Anika TT, et al. (2019). Time dependent screening of antibiotic residues in milk of antibiotics treated cows. Journal of Advanced Veterinary and Animal Research, 6: 516–520.
৭. Phu DH, et al. (2021). Reducing antimicrobial usage in small-scale chicken farms in Vietnam: a 3-year intervention study. Frontiers in Veterinary Science, 7: 612993.
লেখক: প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম
মেডিসিন বিভাগ, প্রাণিকল্যাণ ও আচরণ গবেষণাগার
ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২



