সুমন দত্ত: জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃপক্ষ সারাদেশের সঞ্চয়পত্র গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। অনেকে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে সঞ্চয়পত্রের নামে গুজব ছড়াচ্ছে। সঞ্চয়পত্রের টাকা মেরে দেবার কাহিনী শোনানো হচ্ছে । যার সঙ্গে বাস্তবতার কোনো ভিত্তি নাই।
গত ১৬ নভেম্বর সঞ্চয়পত্রের সার্ভার কোনো ঘোষণা না দিয়ে ডাউন হয়ে যায়। এতে সাধারণ গ্রাহকরা সঞ্চয়পত্র নবায়ন, প্রত্যায়ন পত্র ডাউনলোড, মুনাফা উত্তোলন, ভাঙানোসহ সব ধরনের কাজ বন্ধ হয়ে পড়ে।
গত ২৩ নভেম্বর বিকাল থেকে সঞ্চয়পত্রের সার্ভার আবার সচল হয়। সেদিন থেকে গ্রাহকরা সঞ্চয়পত্রের মুনাফা পাচ্ছেন। তবে কিছু কিছু কাজ এখনো আগের মতো হচ্ছে না। যেমন প্রত্যায়ন পত্র ঘরে বসে ডাউনলোড করা যাচ্ছে না। তবে সঞ্চয় পত্র ব্যুরো অফিস গ্রাহকদের প্রত্যায়ন পত্র দিচ্ছে। একই সেবা ব্যাংক থেকেও পাওয়া যাচ্ছে।
ঢাকায় বাংলাদেশে ব্যাংকের সদরঘাট শাখার বেশ কয়েকজন সঞ্চয়পত্র গ্রাহকের সঙ্গে কথা হলো। তাদের মধ্যে অনেকেই মুনাফা ব্যাংকে না পাওয়ার কথা জানালো। তাদের চোখে মুখে দুশ্চিন্তা ভর করেছে। কর্তৃপক্ষ জোর গলায় মুনাফার টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিচ্ছেন।
প্রত্যায়ন পত্র নিতে আসা লোকজন কে হতাশ করছে না কর্তৃপক্ষ। জাতীয় পরিচয় পত্র দেখিয়ে হাতে হাতে প্রত্যায়ন পত্র পেয়ে যাচ্ছেন তারা। এতে কারো কোনো সমস্যা হচ্ছে না।
তবে পুনর্বিনিয়োগ বা নবায়নের কাজ কারো হচ্ছে। কারো হচ্ছে না। যাদের হচ্ছে না তাদের আবেদন ফিরিয়ে দেওয়া হচ্ছে।
সঞ্চয়পত্রের চলমান সমস্যা নিয়ে কথা হচ্ছিল সংশ্লিষ্ট অধিদপ্তরের কম্পিউটার সেলের এক কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন ৭-৮দিন বন্ধ থাকায় অনেক তথ্য জমে গেছে। এগুলো ধীরে ধীরে শেষ হবে। এতে আগামী ৭ থেকে ৮ দিনের মতো সময় লাগবে।
কেন এত সময় লাগবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সঞ্চয় অধিদপ্তর সবার মুনাফা পাবার তথ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পাঠান। বাংলাদেশ ব্যাংক সেই তথ্য যাচাই বাছাই করে ব্যাংক কর্তৃপক্ষকে জানায়। এতে ভেরিফিকেশন করতে সময় লেগে যায়। এজন্য দেরিটা হচ্ছে।
তিনি আরো বলেন, অনেক সার্ভার ডাউন দেখে ব্যাংকের পিসি ওপেন করে নাই। দেখা গেছে বাংলাদেশ ব্যাংক মুনাফার টাকা ব্যাংকে পাঠিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তা খেয়াল করে নাই। এজন্য অনেকে ব্যাংকে গিয়ে ফেরত আসছেন। পুরো সমস্যার সমাধানে বেশ কয়েকদিন সময় লাগবে। ততদিন সবাইকে ধৈর্য ধরার কথা বলেন তিনি।



