ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন শেরপুরের নকলার স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার। এ ছাড়া প্রতি মঙ্গলবার ছাড়া অন্য দিন ভিক্ষা করা যাবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আনোয়ারের বাড়ি নকলা উপজেলার জালালপুরে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলেন, বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করতে পারবেন না। এ সময়ের পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।
নকলা শহরের বাসিন্দা ছাত্রনেতা এন আই রিজন বলেন, আনোয়ার মিয়া হুইলচেয়ারে বসে ভিক্ষা করেন। তিনি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চান। নিজেকে ফকির সমিতির সভাপতি দাবি করে তিনি শেরপুর থেকে বকশীগঞ্জ এবং ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত নিজের এলাকা বলে উল্লেখ করেন।
এদিকে স্থানীয় কমিটির পক্ষ থেকে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার এমন ঘোষণার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।



