নিউজ ডেস্ক: নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে বা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর বিচ্যুতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা যাবে। আদায় করা জরিমানার অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের বিধান পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি ৫০০ উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন প্রতি ২৫০ জনের জন্য একজন ডিলার নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচিতে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।
সভায় আরও জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে পুরোনো ও ব্যবহার অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে তালিকা প্রস্তুত এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করেছে কমিটি। খাদ্যশস্য সংরক্ষণে পোকামাকড় ও ছত্রাকের ঝুঁকি কমাতে উপযুক্ত আর্দ্রতা বজায় রাখা এবং যান্ত্রিক বায়ু চলাচলব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম পিন্টু বলেন, সরকারের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। কৃষক ও ভোক্তার অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।



