ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঅনুমতি ছাড়া হজে গেলে জরিমানা-নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা-নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে নতুন হজ বিধিমালা জারি করেছে, তা কঠোরভাবে মেনে চলতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে জরিমানা, দেশত্যাগ এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদি সরকার দাপ্তরিক অনুমতিবিহীন হজ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে সৌদিতে অবস্থানরত বিদেশি বাসিন্দা ও ভিজিট ভিসাধারীদের জন্য এ বিধান কঠোরভাবে কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগ নিলে আটক ব্যক্তিদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। পাশাপাশি বিদেশি নাগরিকদের সৌদি আরব থেকে বহিষ্কার এবং পরবর্তী ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করার বিধানও রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শুধু অবৈধ হজযাত্রী নয়, যারা অবৈধভাবে হজ পালনে সহযোগিতা করবে—যেমন পরিবহন, আবাসন বা অন্য কোনো সহায়তা দেবে—তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। এমনকি এসব কাজে ব্যবহৃত যানবাহনও আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হতে পারে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, কেবল দাপ্তরিকভাবে অনুমতিপ্রাপ্ত হজযাত্রীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এ বিধান সৌদি নাগরিক, প্রবাসী ও সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় আরও জানায়, জিলক্বদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত এ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে বৈধ হজ অনুমতি ছাড়া কোনো ভিজিট ভিসাধারী ব্যক্তি মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক, বিদেশি বাসিন্দা ও সব ভিসাধারীকে বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ এলাকায় ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিতে জনসাধারণকে উৎসাহিত করা হয়েছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular