নিউজ ডেস্ক : দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারিয়েছিল ইংল্যান্ড। সেই হার এবার ফিরিয়ে দিল লিয়নেসরা ইউরো ২০২৫-এর ফাইনালে। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে স্পেনকে ৩–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হলো ইংলিশ মেয়েরা।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পেন, ২৫তম মিনিটে। বিরতির পর ৫৭ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলায় আর কোনো দল গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় পেনাল্টিতে।
টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করেন ইংল্যান্ডের গোলরক্ষক, স্পেনের প্রথম চার শটের তিনটিই ঠেকান তিনি। ইংল্যান্ড সফলভাবে দু’টি শট নেয়ার পর পঞ্চম ও শিরোপা নির্ধারণী শট নিতে আসেন ক্লোয়ি কেলি। তার হিমশীতল দৃঢ়তায় বল জালে জড়ায়, নিশ্চিত হয় ইংল্যান্ডের ঐতিহাসিক জয়।
কেলি বলেন, “আমি শান্ত ছিলাম, জানতাম বল জালে যাবে।” ২০২২ ইউরো ফাইনালেও তার পা থেকেই এসেছিল জয়সূচক গোল।
এই জয়ে ইংল্যান্ড প্রথমবার দেশের বাইরে বড় কোনো শিরোপা জিতল। ১৯৬৬ বিশ্বকাপ ও ২০২২ ইউরো দুটিই ছিল ঘরের মাঠে। এই জয় তাই এক অনন্য মাইলফলক।



