ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে ঋণের দায়ে অনলাইনে অঙ্গ বিক্রির প্রস্তাব

ইরানে ঋণের দায়ে অনলাইনে অঙ্গ বিক্রির প্রস্তাব

নিউজ ডেস্ক: ইরানের অর্থনৈতিক সংকট দেশটির সাধারণ মানুষকে চরম অসহায়ত্বের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মুক্তি পেতে এবং সংসারের মৌলিক খরচ মেটাতে অনেকেই এখন কিডনি, অস্থিমজ্জা, অণ্ডকোষ এবং চোখের কর্নিয়াসহ শরীরের একাধিক অঙ্গ ও টিস্যু বিক্রির প্রস্তাব দিচ্ছেন।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক অনুসন্ধানে এমন একটি ক্রমবর্ধমান অনলাইন বাজারের তথ্য উঠে এসেছে, যেখানে আর্থিকভাবে বিপর্যস্ত ইরানিরা নিজেদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন। এমনকি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেউ কেউ জীবনের জন্য অপরিহার্য অঙ্গও দিয়ে দিতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরান যখন তীব্র অর্থনৈতিক চাপের সম্মুখীন, ঠিক তখনই এই ভয়াবহ চিত্র সামনে এলো। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই অচলাবস্থা কবে কাটবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা না থাকায় সাধারণ ইরানিদের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে দিয়েছেন যে এই চাপ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে এবং আগামী মাসগুলোতে ইরানের অর্থনীতির আরও অবনতি ঘটবে।

ইরান ইন্টারন্যাশনাল গত মে মাসের শেষ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ৬০০-র বেশি বিজ্ঞাপন পর্যালোচনা করেছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রতি তিনটি বিজ্ঞাপনের মধ্যে প্রায় একটিতে একাধিক অঙ্গ বা শরীরের টিস্যু বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনগুলোতে সবচেয়ে বেশি ছিল কিডনি বিক্রির প্রস্তাব, যা ৪৯৮টি পোস্টে দেখা গেছে। এছাড়া ২৭৯টি বিজ্ঞাপনে অস্থিমজ্জা, ৫১টিতে লিভার, ১৫টিতে অণ্ডকোষ এবং ২টি বিজ্ঞাপনে চোখের কর্নিয়া বিক্রির কথা বলা হয়েছে। ১৪২টি পোস্টে বিক্রেতারা একইসঙ্গে কিডনি ও অস্থিমজ্জা এবং ২৬টি পোস্টে কিডনি, অস্থিমজ্জা ও লিভার একত্রে বিক্রির প্রস্তাব দিয়েছেন।

কিছু বিজ্ঞাপন দেখে বিক্রেতারা আদৌ এই চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে জানেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অণ্ডকোষসহ শরীরের বেশ কয়েকটি অঙ্গ বিক্রির প্রস্তাব দেওয়া এক ব্যক্তি ইরান ইন্টারন্যাশনালকে বলেন, এই অঙ্গগুলো হারালেও আমি বেঁচে থাকতে পারব।

তিনি যেসব অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তাব দিচ্ছিলেন, তার কিছু কিছু ইরানে প্রচলিত চিকিৎসাব্যবস্থায় সম্ভব নয় সে বিষয়েও তিনি অজ্ঞ ছিলেন।

সম্ভাব্য বিক্রেতাদের সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনে থাকা তীব্র আর্থিক হতাশার চিত্র ফুটে উঠেছে। এক ব্যক্তি জানান, তার ছোট মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ অঙ্গও দিয়ে দিতে রাজি আছেন। পোশাক ব্যবসার সাবেক এক মালিক জানান, দেউলিয়া হয়ে যাওয়ায় তার ওপর ঋণের পাহাড় জমেছে এবং চেক ডিজঅনারের মামলা হয়েছে; অন্তত কিছু দায় শোধ করার আশায় তিনি অঙ্গ বিক্রি করতে চাইছেন।

এ ছাড়া বছরের পর বছর বাসা ভাড়া দিতে হিমশিম খাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য হারানো মানুষেরাও এই পথে পা বাড়াচ্ছেন। দুই মেয়েকে নিয়ে সংগ্রাম করা এক একক মা জানান, পরিবারের মৌলিক খরচ চালাতেই তিনি অঙ্গের ক্রেতা খুঁজছেন।

কয়েক মাসের লড়াই ও আলোচনার পর ওয়াশিংটন এখন তেহরানের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলে হাঁটছে। আল জাজিরার তথ্যমতে, প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের রুবিও জানিয়েছেন যে নৌ-অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা এবং স্থলপথে বাণিজ্যিক বাধাগুলো কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই বলবৎ থাকতে পারে।

তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আইজ্যাক সাইদিয়ান সতর্ক করে বলেছেন, এই অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি আয় শূন্যের কোঠায় নেমে এলে সরকার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে পারে।

এর ফলে কেবল বৈদেশিক মুদ্রার সংকটই নয়, বরং সরকারি বেতন-ভাতা ও পেনশন পরিশোধ, নিত্যপণ্য সরবরাহ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অবশ্য ইরানি কর্তৃপক্ষ অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা মোকাবিলার প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে সামরিক উত্তেজনাও উদ্বেগের কারণ হয়ে রয়েছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে, হরমুজ প্রণালির আশেপাশে সামুদ্রিক মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবরও জানিয়েছে ইরানি বাহিনী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular