নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপি ইসলামী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে না দেওয়ার কথা বলেছে, সেগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্য আসা অত্যন্ত দুঃখজনক।”
গোলাম পরওয়ার আরও বলেন, “দেশের বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দায়িত্বে আছেন। তাহলে কি তাদের ক্ষেত্রেও নির্বাচন কমিশন একই নীতি প্রয়োগ করবে?” তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
তিনি বলেন, “আমরা চাই না নির্বাচনের আগে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি হোক। চাইলে আমরাও বিএনপি নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করতে পারতাম, কিন্তু রাজনৈতিক শালীনতার কারণে তা করিনি।”
বৈঠকে দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
ঢাকানিউজ২৪/মহফ



