সুমন দত্ত: কৃষিযন্ত্রপাতি এবং শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশের উপর থেকে বর্ধিত ২.৫% মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য মূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি নামে পুরান ঢাকার ব্যবসায়ীদের একটি সংগঠন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ দাবি জানান তারা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক সহিদুল হক মোল্লা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য সচিব শহীদুল হক শহীদ।
সহিদুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪-২০২৫ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্যের ওপর ৫ পারসেন্ট ভ্যাটের পরিবর্তে ৭.৫ পারসেন্ট ভ্যাট আরোপ করে। সরকার এ সিদ্ধান্ত নেওয়ার সময় একটি বারও ব্যবসায়ীদের সঙ্গে কিংবা ব্যবসায়ীদের কোনো প্রতিনিধির সঙ্গে আলোচনা করেনি। এতে ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সরকারের এমন সিদ্ধান্তের কারণে কৃষিযন্ত্রপাতি আমদানি ক্ষেত্রে অতিরিক্ত ট্রেজারি পেমেন্ট করতে হবে। আগে ৫ পারসেন্ট ভ্যাট থাকায় ব্যবসায়ীদের ৪৮৫ পারসেন্ট ট্রেজারি পেমেন্ট করতে হতো। এখন সেটি আরো বেড়ে দাঁড়াবে। যা ভোক্তাদের কাছ থেকে আদায় করা অসম্ভব হয়ে যাবে।
নির্বাচিত সরকারগুলো কৃষিপণ্যের ওপর ভর্তুকি দিত। এতে কৃষকরা উৎপাদনে আকৃষ্ট হতো। সুবিধা পেত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। এখন ভ্যাট বাড়লে পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এজন্য সরকারের কাছে ব্যবসায়ীদের আকুল আবেদন অবিলম্বে পূর্বের ন্যায় কৃষিযন্ত্রপাতির ৫ পারসেন্ট ভ্যাট বহাল রেখে প্রজ্ঞাপন জারি করা হউক। সরকার ইতিমধ্যে বহু পণ্যের ওপর ১৫ পারসেন্ট ভ্যাট প্রত্যাহার করেছে। কৃষিযন্ত্রপাতির ওপর এই ভ্যাট প্রত্যাহার সরকারের পক্ষে কঠিন কিছু নয়।
দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার দুপুর ১২ টায় সকল ব্যবসায়ী মানববন্ধন কর্মসূচি পালন করবে।



