গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও একজন সফল রাষ্ট্রনায়ক।
জিয়াউর রহমান সব সময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন।মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ও নেতৃত্ব ছিল।দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,জিয়াউর রহমানের প্রদর্শিত আদর্শ ও রেখে যাওয়া পথ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
এ সময় এমপির সহধর্মিণী শামীমা সুলতানা, অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো.ইসহাক,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো.সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



