গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাব এলাকায় যুবদল নেতার লোকজন স্থানীয় একটি বিল দখল করতে গেলে এলাকাবাসীর বাঁধায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়দের অভিযোগ ওই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নির্বিকার ছিল। শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পচাপিলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের উরপাথর বিল নিয়ে গত বছর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছালেহ আকরাম তছলিম দখল নিতে গেলে বিলের মালিকানা থাকা ব্যক্তিরা বাধা দেয়। সেসময় রক্তক্ষয়ী সংঘর্ষে স্থানীয় লোকজন আহত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) আবারো বিল দখলের জন্য গেলে স্থানীয়রা প্রতিরোধ করে।
এসময় যুবদল নেতা তছলিম ও তার লোকজন বিলের মালিকানা থাকা ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
আহতরা হলেন, স্বল্প ছাপিলা গ্রামের সারোয়ার হোসেন (৩৫), মঙ্গন খান (২৫), তুষার (২৫), রুবেল (৩৭), আতাউর রহমান খান (৬৪)। তাদের মধ্যে গুরুতর আহত সারোয়ারকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্বল্পছাপিলা গ্রামের জুলাই যোদ্ধা মইন খান বলেন, আমাদের নিজস্ব জমিতে অবস্থিত উরপাথর বিলে মাছ চাষ করছি। ইতিমধ্যে তছলিম ও তার বাহিনী চাঁদাবাজি ও দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শনিবার আবারো তার বাহিনী নিয়ে দখল নিতে চাইলে প্রতিরোধ করতে গেলে আমাদের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
বিল মালিকদের পক্ষে তুষার খান জানান, আজকের হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তছলিম বাহিনীকে বাধা দেয়নি।
এ বিষয়ে অভিযুক্ত ছালেহ আকরাম তসলিম বলেন, আমি বিল দখল ও মারামারির সাথে জড়িত না।
হামলার সময় পুলিশ নির্বিপাকার ছিল কেনো এ বিষয়ে পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলমের কাছে জানতে চাওয়া হলে, তিনি পুলিশ নিরব থাকার বিষয়টি অস্বীকার করেন।



