গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনে কলতাপাড়া শহীদ ও আহতদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে বড়পর্দায় প্রামাণচিত্র প্রদর্শন বুধবার(৯ জুলাই) রাত থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নূরুল হক। তিনি বলেন, সেদিন ২০জুলাই সারাদেশে কারফিউ, দেশের সেই জরুরী অবস্থা ভেঙে রাজপথে নেমেছিলে এ অঞ্চলের দু:সাহসিক তরুণ ছাত্র-জনতা। যা সারাদেশে আজ স্মরণীয়। এখানে শহিদ হন কলতাপাড়ার বাবুল মিয়ার পুত্র ছাত্রদল নেতা বিপ্লব হাসান (২১), রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়ার আব্দুল হালিম শেখের পুত্র শহীদ নূরে আলম রাকিব (২২) ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের মোঃ আনোয়ার উদ্দিনের পুত্র শহীদ জুবায়ের আহমেদ (২২) ও শতাধিক ছাত্রজনতা আহত হয়।
তিনি আরও বলেন, শহীদ জুলাইযোদ্ধাদের ন্যায় আহত জুলাইযোদ্ধাদেরকে পুণর্বাসন এবং তাদেরকে নিয়মিত ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। এই জুলাই যোদ্ধাদের জন্য আজ আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। আমি তাঁদের স্যালুট জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিন্টু কলেজের সাবেক ভিপি আবুল হাসিম। সঞ্চালনা করেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বাহালুল মুনশী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। সূচনা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান পলাশ।
বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহিদ বিপ্লব হাসানের পিতা বাবুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন সরকার মিরণ, ডা. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শেখ ফারুক আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, রামগোপালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, ডৌহাখলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।



