নিউজ ডেস্ক: চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকলিয়া থানার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেপ্তারের পর উত্তেজনা ছড়িয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, চলতি বছরের ৫ মে দায়ের হওয়া একটি মামলায় (ধারা ১৪৩/১৮৬/৩০২/৩৫৩/৪২৭/৩৪ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)) মোহাম্মদ সালাউদ্দিনকে আসামি করা হয়েছিল। ওই মামলারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী পাঁচলাইশ থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।
মহানগর শাখার সহসভাপতি আবুল কাশেম মাতব্বর ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে বিকেল থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা থানার সামনে থেকে সরে যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



