বিশেষ প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আছেন দশজনের বেশি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাসির উদ্দিন (৪৭) ও মনসুর আহমদ (৫৫)। তারা সম্পর্কে দুই ভাই এবং সেকান্দর মিয়ার ছেলে। নিহত অপর দুজন সানি জলদাশ (৩৫) ও পলাশ জলদাশ (৩৯)। তারা সীতাকুণ্ডের ভাটিয়ারী মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহতদের মধ্যে গাইবান্ধার বাসিন্দা মো. খোকন (৪০) এবং মো. রানা (২৭) রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ‘বিষাক্ত গ্যাসে আহত সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ছয়জনকে মৃত ঘোষণা করেন।’
/রাশিদুল রাশেদ/




