চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং পূর্বের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারীকে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় নিজ দায়িত্বের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে আজ (রবিবার) হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করা হলো। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত দুটি হলো- এ নিয়োগ যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত, যা আগে হয় এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।



