রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে তৈরি হওয়া সুনামি পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জাপানের আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানায়, রাশিয়ায় ভূমিকম্পের পর এক দিনেরও বেশি সময় ধরে বড় সুনামির আশঙ্কা করা যেতে পারে।
এতে আরও বলা হয়, সুনামি এখনও লক্ষ্য করা যাচ্ছে, এবং সুনামির কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। সুনামি আবারও হঠাৎ আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত দয়া করে নিরাপদ স্থান ত্যাগ করবেন না।
দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়, যখন সুনামি উচ্চ জোয়ারের সঙ্গে মিলে যায়, তখন পানির স্তর বর্তমানের চেয়ে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেশটির আবহাওযা দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, সুনামির বিধ্বসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে— আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে।
তিনি বলেন, আমাদের চিন্তা হচ্ছে জোয়ারের সময় কী হবে— তা নিয়ে। সুনামি পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিক ভাবেই ঢেউয়ের আকার, উচ্চতা এবং শক্তি অনেক বেশি থাকবে।
বুধবার ভোরের দিকে রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের দ্বীপ হোক্কাইডোতে।



