নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। পরে মোটর শোভাযাত্রায় তাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটের দিকে সীমিত প্রতিনিধিদল নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।
চার দিনের সফরে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদার, নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়ানো গুরুত্ব পাবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর যৌথ ঘোষণা এবং জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে।
সফরে জাপানি সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি জাইকা, জেবিআইসি ও জেট্রোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।-
আলোচনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) কার্যকর বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পাবে।



