সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি, ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা
নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং ঢাকা জেলা আমির দেলাওয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য কামাল হোসেন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং আইনজীবী রুকন রেজা।
মুক্তির পর সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ।



