চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মো. ফরহাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে চবির শহিদ ফরহাদ হোসেন হল শাখা ছাত্রশিবির।
সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হলের সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হল শাখা শিবির সভাপতি শরিফুল ইসলাম আরাফাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফসহ অন্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আজকের এই দিনে আমাদের প্রিয় ফরহাদ হোসেন আন্দোলনে গিয়ে শহিদ হন। যাওয়ার আগে তিনি বলেছিলেন, ‘চলেন ভাই, শহিদ হয়ে আসি।’ সত্যিই তিনি শহিদ হয়েছেন। শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করাই এখন আমাদের দায়িত্ব।”
হল শাখা সভাপতি শরিফুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের কঠিন মুহূর্তে শহিদ ফরহাদ হোসেন রাজপথে নামেন আত্মত্যাগের মানসে। তার শাহাদাত আমাদের দিয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলার সাহস ও স্বাধীনতা।”
তিনি আরও বলেন, “আজ চবির হলগুলো মেধার ভিত্তিতে চললেও একসময় ছাত্রলীগের দখলে ছিল। শহিদ ফরহাদ ও শহিদ হৃদয় চন্দ্র তড়ুয়ার মতো তরুণদের আত্মত্যাগেই এসেছে এই পরিবর্তন। শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে এবং সরকারদলীয় কর্মীদের হামলায় নিহত হন শহিদ ফরহাদ হোসেন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।



