নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার ওপর থেকে একটি অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদ।
ব্লোকেটের এক প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগর উপকূলে রাশিয়ার তেল রপ্তানি অবকাঠামোতে ইউক্রেনের ধারাবাহিক হামলা এ সিদ্ধান্তের অন্যতম কারণ। এসব হামলার মধ্যে সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি অবস্থিত গুরুত্বপূর্ণ উস্ত-লুগা বন্দরে সাম্প্রতিক দশম হামলাটিও রয়েছে।
রাশিয়ার তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র উস্ত-লুগা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর অর্থায়নে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে এশিয়ার বিভিন্ন দেশে তেল রপ্তানির ক্ষেত্রেও এটি মস্কোর অন্যতম প্রধান পথ।
সেন্ট পিটার্সবার্গ রুশ প্রেসিডেন্ট পুতিনের নিজ শহর হওয়ায় অঞ্চলটিতে ইউক্রেনের ধারাবাহিক হামলাকে ক্রেমলিনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মস্কোতে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দেশটির প্রতিরক্ষা বাজেটের ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার পাল্টা হামলাও কিয়েভের ড্রোন অভিযান বন্ধ করতে কার্যকর হচ্ছে না।
জানা গেছে, শুধু লেনিনগ্রাদ অঞ্চলে, যার অন্তর্ভুক্ত সেন্ট পিটার্সবার্গ- বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ২৪ বিলিয়ন রুবল, অর্থাৎ প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।
ব্লোকটের প্রতিবেদনে উদ্ধৃত এক রুশ কর্মকর্তার ভাষ্য, ‘অন্তহীন ড্রোনের ঝাঁকের বিরুদ্ধে লড়াই করে লাভ নেই। বরং সিদ্ধান্ত গ্রহণের মূল কাঠামোটিকেই ধ্বংস করতে হবে।’
ঊর্ধ্বতন সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ইউক্রেনের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কি ও শীর্ষ সামরিক কমান্ডারদের সরিয়ে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
এক রুশ সূত্রের ভাষ্য, ‘‘অন্যদের জ্বালানি ও তাপ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করেও আমাদের তেল শোধনাগারগুলোর ওপর হামলা বন্ধ করা যাচ্ছে না। কারণ, যারা এসব হামলার নির্দেশ দিচ্ছেন, তারা পশ্চিমাদের সঙ্গে মস্কোর অলিখিত ‘ভদ্রলোকের চুক্তির’ সুরক্ষায় নিজেদের নিরাপদ মনে করছেন।”
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের বহনকারী বাঙ্কার এবং মোটর শোভাযাত্রাকে লক্ষ্যবস্তু করতে ভারী হাইপারসনিক অস্ত্র ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছেন রুশ কর্মকর্তারা।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রথম দিকে ক্রেমলিন জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে পুতিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে এমন প্রচেষ্টা বন্ধের প্রতিশ্রুতি দিলে সেই তৎপরতা থেমে যায় বলে দাবি করা হয়েছে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের দুই ঘণ্টার বৈঠকের পরপরই রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যদের পাশাপাশি রাশিয়ার আলোচক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা এর আগে আবুধাবিতে শান্তি আলোচনা শেষে মস্কোয় যান। এ ছাড়া রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট/ ব্লোকেট



