তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের এক নেতা নাজমুস সাকিব(২৮) নিহত হয়েছেন। সে ঝিকরগাছা পারবাজার থানামোড় এলাকার সোহেলের ছেলে। নিহত সাকিব যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানাগেছে।
দুর্ঘটনাটি ঘটে, শুক্রবার রাত সাড়ে ১০টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা দ্রæতগতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো ট-১২-৮৯৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার সঙ্গী ফাহিম বিশ্বাস (২৭)। সে কৃষ্ণনগর মাগুরাপট্টি এলাকার ওহিদুজ্জামানের ছেলে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উপ-সহকারী মেডিকেল অফিসার তানভীর আহম্মেদ সাকিবকে মৃত ঘোষণা করেন। অপরজন ফাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমান ফাহিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে প্রাইভেটকারটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। আহত ফাহিম সুস্থ্য হলে তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ দুর্ঘটনায় সাকিবের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে যশোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।



