নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’–এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন—এ খবর গত মাসের শেষের দিকে অভিনেতার ছেলে মিরাজ মইন জয় প্রকাশ করেন। খবর প্রকাশের পর থেকেই শিল্পী পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
চিত্রনায়িকা রোজিনা জানিয়েছেন, তিনি জুলাই মাসেই কাঞ্চনের অসুস্থতার তথ্য পেয়েছিলেন।

রোজিনা বলেন, “আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। পরে কানাডায় চলে যেতে হয়েছিল—সেখান থেকেই নিয়মিত তার পরিবারকে খোঁজ-খবর নিয়েছি এবং চিকিৎসার অগ্রগতি জানতাম।”
রোজিনা আরও বলেন, “সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে তিনি দৃঢ় ছিলেন। অসুস্থতার ধাক্কায় কিছুটা বিধ্বস্ত ছিলেন, তবে নিয়মিত নামাজ পড়ছিলেন। ব্রেইনে সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু কথা ভুলে যান, তবুও আমি তাকে ভালোই দেখেছি।”
প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডঃ ভিনায়ারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
ঢাকানিউজ২৪/মহফ



