নিউজ ডেস্ক: ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা ক্যান্টনমেন্টের পূর্ব পাশে ৩০৯/১-২ কিলোমিটারের মধ্যবর্তী এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হবে। নিহতের পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট ও মেশ রঙের প্যান্ট।




