ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

আলামীন, রংপুর: আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপির মাসিক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও সহকারী জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান।

সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলপতি, দলনেত্রীসহ আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি দলপতি ও দলনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি দলপতি ও দলনেত্রীদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিত এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেন।

পূজামণ্ডপে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের নিরাপদ চলাচলে সহযোগিতা, ভিড় নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সতর্ক থাকার বিষয়েও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার কথাও বলা হয়।

প্রধান অতিথি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ব্যবস্থা না নিয়ে তা যাচাই করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সভায় মাসিক কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন, প্রশিক্ষিকা জান্নাত আরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular