নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
খাশিয়াল ইউপি চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। মানিক মায়ের সঙ্গে মামাবাড়ি খাশিয়াল গ্রামে থাকত।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে বাড়ির আঙিনায় খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



