উত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের দংশনে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দিলওয়ার হোসেন ওই গ্রামের মজমদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলওয়ার হোসেন পেশায় একজন মিশুকচালক হলেও তিনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। ২৫ অক্টোবর শনিবার সকাল ১১টার দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে জমিতে কাজ করার সময় তাকে বিষাক্ত সাপ দংশন করে। স্থানীয়রা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে প্রেরণ করেন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস ছামাদ বলেন, “রোগীকে হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। শরীরে বিষক্রিয়ার কোন লক্ষণ না থাকায় সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজন দেখা যায়নি। পরবর্তীতে রোগী নিজেই সিলেটে যেতে ইচ্ছা প্রকাশ করেন। আমরা তাকে রেফার করি, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে না গিয়ে দেরিতে সিলেট যান। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
এদিকে তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা এই ঘটনায় দিশেহারা হয়ে পরেছেন।
প্রেরকঃ



