জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে রিয়াজ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এই মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন মহাবৈ গ্রামের মৃত ইয়াকুব আলীর পত্র। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েকে নিয়ে পরিবারে বসবাস করতেন। তবে কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সাথে তাঁর পারিবারিক মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনে জঙ্গলের একটি বধ্বিরা গাছে গলায় ফাঁসিসহ ঝুলন্ত অবস্থায় এই বৃদ্ধকে দেখতে পান। ঘটনার বিষয় নান্দাইল মডেল থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত ছাড়া দাফনের দাবি করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণের সিদ্ধান্ত নেয়।
নিহতের কন্যা রহিমা আক্তার ও ভাই আলী জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন। কিন্তু সকালে তাঁর লাশ দেখতে পাওয়া যায়। তবে আমাদের কাহারও এ বিষয়ে কোন অভিযোগ বা আপত্তি নাই।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে এবং তা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “বৃদ্ধের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন ও জনমনে সংশয় রয়েছে। তাই মৃত্যুর সঠিক কারণ উন্মোচনে লাশের ময়নাতদন্ত করানো হচ্ছে। মর্গের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




